Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকরা আত্মহত্যা মামলা: জাহের আলভীর জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৫:৫৭ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৫৭

ইকরা ও অভিনেতা জাহের আলভী – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ঢাকার মিরপুরে স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত আবেদন খারিজ করে দেন।

এর আগে, গত ২৪ জুন মামলার তদন্তের স্বার্থে জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তারও আগে ১৮ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

অন্যদিকে, মামলার অপর আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় একই দিন রাতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলি-কে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।