ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে নতুন কারিকুলাম, সমন্বিত শিক্ষক নীতিমালা এবং প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের শেখার ঘাটতি দূর, বিদ্যালয়মুখী করা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নেও বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গত চার মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ ও অবকাঠামোগত বাস্তবতা মূল্যায়ন করা হচ্ছে। রাজধানীর বিদ্যালয়গুলোকে আধুনিকায়নের লক্ষ্যে চলমান ‘দৃষ্টিনন্দন’ প্রকল্পের আওতায় কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শেখার অগ্রগতি যাচাই করা হয়েছে। যেসব শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে পিছিয়ে রয়েছে, তাদের জন্য বিশেষ শিক্ষাসহায়তা নিশ্চিত করতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান কারিকুলামকে আরও সহজ, বাস্তবমুখী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করা হচ্ছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি), কর্মদক্ষতা মূল্যায়ন (কেপিআই) এবং তদারকি ব্যবস্থাকে এক কাঠামোর আওতায় এনে নতুন শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। ভিডিও লেসন, স্মার্ট ক্লাসরুম, ফ্ল্যাট প্যানেল এবং তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করাই সরকারের লক্ষ্য।