Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণ উন্নয়ন ছাড়া টেকসই বাংলাদেশ গড়া সম্ভব নয়: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৫:৪২ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৫৭

‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর – ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন ছাড়া টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, শুধু সড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন পূর্ণতা পায় না। জনগণের আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে না পারলে সেই উন্নয়ন টেকসই হবে না। এ লক্ষ্যেই সরকার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-কে আধুনিক, কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। এর মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার করা হবে। তিনি দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ উন্নয়নকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে সরকার। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীল বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ জনপদকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিআরডিবির হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও জনমুখী করা হবে।

এর আগে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন করেন এবং একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া সফল উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিআরডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর