Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড মামলা / সাবেক এমপি আফজালকে গ্রেফতার দেখানোর আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৫:২১ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৫৮

সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেন-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক গত ৪ জুন আফজাল হোসেন-কে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। এদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনের অনুমোদনে ২ হাজার ৩৭০ জন ব্যবসায়ী ফুলবাড়িয়ায় অবস্থিত বঙ্গবাজার কমপ্লেক্সে ব্যবসা পরিচালনা করতেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আফজাল হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বঙ্গবাজার এলাকার নিয়ন্ত্রণ নেন এবং দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর মার্কেটে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত ৫৯১টি দোকান বরাদ্দ দিয়ে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ২০১৭ সালে পুরোনো মার্কেট ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এবং ৪ হাজার ৪১২টি দোকানবিশিষ্ট আটতলা ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়। একই বছরের ২৩ জুলাই সিটি কর্পোরেশন মার্কেট খালি করার নোটিশ দিলেও ব্যবসায়ীরা দোকানের আয়তন ও পুনর্বাসন নিয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় আপত্তি জানান। পরবর্তীতে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট করেন। আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলে উচ্ছেদ কার্যক্রম স্থগিত হয়ে যায়।

মামলার অভিযোগ অনুযায়ী, উচ্ছেদে আইনি বাধা সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্টরা অসৎ উদ্দেশ্যে ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগিয়ে দেন। এতে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় বঙ্গবাজার মার্কেটের ব্যবসায়ী কামাল হোসেন রিপন ২০২৪ সালের নভেম্বর মাসে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।