Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মূল্য সংশোধন শেষে পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৬:৩৩

ঢাকা: স্বাভাবিক মূল্য সংশোধনের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ জুলাই) দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সবকটি সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুঁজিবাজারে স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত দুই বছরের মধ্যে সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

তাদের মতে, বর্তমানে যেসব বিনিয়োগকারী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন, তারা ভবিষ্যতে ভালো মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। কারণ, এখনো অনেক মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ার তুলনামূলক কম দামে লেনদেন হচ্ছে, যা বিনিয়োগের জন্য অনুকূল বলে বিবেচিত হচ্ছে। এছাড়া দেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও বর্তমানে তুলনামূলক শান্ত থাকায় বিনিয়োগ পরিবেশ ইতিবাচক রয়েছে। তবে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক অবস্থা ও ব্যবসায়িক সক্ষমতা যথাযথভাবে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। একই দিনে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৯ দশমিক ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৭৮ দশমিক ১১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২৯ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ দশমিক ৩২ পয়েন্টে উন্নীত হয়েছে।

রোববার ডিএসই-তে মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের চিত্রেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকা। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৯০ কোটি ৫৩ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার ৬৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬০ কোটি ৩৬ লাখ টাকা।

সিএসই-তে এদিন মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, ৯৬টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৯৭ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০৫ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে।

উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ৪২ দশমিক ৪০ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর