Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
৫ জুলাই ২০২৬ ০৭:৫৭ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ০৯:৩৮

ম্যাচের পুরোটা সময় নিজেদের হাফেই কাটাল প্যারাগুয়ে। বাস পার্ক ডিফেন্স করেও ফ্রান্সকে শেষ পর্যন্ত আটকে রাখতে পারল না লাতিন আমেরিকার দেশটি। পেনাল্টি থেকে করা কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরমেও খেলার ছন্দপতন হলো কিছুটা। তবে শেষ ষোলোয় স্বস্তির জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে গেল ফরাসিরা।

তিন-চতুর্থাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। প্যারাগুয়ের পাঁচ শটের একটিই লক্ষ্যে ছিল।

ম্যাচের আগে যেমনটা ধারণা করা হয়েছিল, মাঠের লড়াই শুরু হতেই তেমন কিছুর দেখা মেলে। এমবাপে-দেম্বেলে-ওলিসেদের আটকাতে পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নেয় প্যারাগুয়ে। বেশিরভাগ সময় তাদের আউটফিল্ডের ১০ জন খেলোয়াড়ই ডি-বক্সে ও এর আশেপাশে অবস্থান নিয়ে থাকে।

বিজ্ঞাপন

অবশেষে ৭০তম মিনিটে এমবাপের সফল স্পট কিকে ডেডলক ভাঙে। দেজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলেও, প্রথমে খেয়াল করেননি রেফারি। খেলা চলতে থাকে। বেশ কিছুক্ষণ পর, ভিএআরের পরামর্শে, সাইড মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি।

প্যারাগুয়ের খেলোয়াড়দের প্রতিবাদ চলতে থাকে, ডাগআউটে দলটির কোচ ইঙ্গিতে বলার চেষ্টা করেন, ডাইভ দিয়েছে দুয়ে। এমনকি হাইড্রেশন ব্রেকের সময়ও এমবাপের কাছে গিয়ে প্যারাগুয়ের একজন কিছু একটা বলেন, তাতেও সামান্য উত্তেজনার সৃষ্টি হয়।

গোল্ডেন বুটের লড়াইয়ে আবারও শীর্ষে উঠলেন এমবাপে, সাতটি গোল ও দুটি অ্যাসিস্ট নিয়ে। সমান সাতটি গোল করেছেন লিওনেল মেসি।

বিশ্বকাপে এমবাপের মোট গোল হলো ১৯টি, একটি বেশি নিয়ে তালিকার চূড়ায় মেসি। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর