বাগেরহাট: বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে আউটসোর্সিংয়ে কর্মরত ৬৬ জন কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল রাখার আশ্বাসে তাদের চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার আন্দোলনকারীদের কাছে এসে এই আশ্বাস দিলে কর্মচারীরা তত্ত্বাবধায়কের কার্যালয়ের গেটের তালা খুলে দিয়ে কাজে ফিরে যান।
এর আগে, চাকরিচ্যুতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে তার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আউটসোর্সিং কর্মচারীরা। এই আন্দোলনের ফলে হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়।
আন্দোলনরত কর্মচারীদের নেতা কার্জন শেখ জানান, ‘তত্ত্বাবধায়ক স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি এখানে কোনো নতুন কর্মচারী নিয়োগ দেবেন না। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে আজ থেকেই কাজে ফিরে যাচ্ছি। তবে এর কোনো ব্যতিক্রম ঘটলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার জানান, ‘আউটসোর্সিং কর্মচারীদের বিষয়ে আমি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পত্রালাপ করেছি। হাসপাতালের কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং এই কর্মচারীদের যৌক্তিক দাবি যাতে মেনে নেওয়া হয়, সে বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতন অভিজ্ঞদের বাদ দিয়ে নতুন করে জনবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করছে এমন আভাস পেয়ে গত বুধবার (১ জুলাই) সকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন এই কর্মচারীরা।