লক্ষ্মীপুর: জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘৭১-এর চেতনাকে বিক্রি করে একটি দল দীর্ঘদিন ফায়দা লুটেছে। আমরা কিন্তু ওই দলের মতো জুলাই চেতনাকে নষ্ট হতে দেব না। জুলাই বিপ্লবে যারা শহিদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করে এ দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন, তাদের কাছে এই রাষ্ট্র ঋণী।’
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কমলনগর উপজেলার পাটোয়ারীরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ‘জুলাই যোদ্ধা শহিদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়ক’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বন্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এই লুটপাট ও দুর্নীতি বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্ম আরেকটু দায়িত্বশীল ভূমিকা রাখলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।’
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জুলাই যোদ্ধা জুনাইদ হোসেন ও মাওলানা আব্বাস হোসেন।
এর আগে সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান উপজেলা পরিষদের স্পন্দন সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ এবং গাছের চারা বিতরণ করেন তিনি।