ঢাকা: ডিজিটাল লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআরের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা মার্চেন্ট ফি সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ হার ভ্যাটসহ প্রযোজ্য হবে। এর বেশি কোনো মার্চেন্ট চার্জ আদায় করা যাবে না।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর প্ল্যাটফর্মে পরিচালিত বাংলা কিউআরের মাধ্যমে সম্পন্ন হওয়া সব মার্চেন্ট পেমেন্টে এই সীমা কার্যকর হবে। ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে সম্পন্ন লেনদেনও এর আওতায় থাকবে।
সার্কুলারে বলা হয়েছে, মার্চেন্টদের কাছ থেকে একোয়ারিং ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠান সর্বোচ্চ ১ শতাংশ এমডিআর আদায় করতে পারবে। এই হারেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০১৫ সালে জারি করা সার্কুলারে এনপিএসবির আওতায় পয়েন্ট অব সেলস (পিওএস), বাংলা কিউআর ও ই-কমার্স লেনদেনের মার্চেন্ট ডিসকাউন্ট রেট নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনায় আগের সার্কুলারের অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা কিউআরের ক্ষেত্রে মার্চেন্ট ফি সর্বোচ্চ ১ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এটি সর্বোচ্চ সীমা। একোয়ারিং প্রতিষ্ঠানগুলো চাইলে ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে এর চেয়ে কম ফি নির্ধারণ, বিশেষ ছাড়, প্রমোশনাল অফার বা ক্যাশব্যাক সুবিধা দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, নতুন এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের খরচ কমবে। একই সঙ্গে নগদবিহীন লেনদেনের বিস্তার ঘটিয়ে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।