Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার অন্তর্ভুক্ত হচ্ছে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৫:২৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: প্রশাসনিক জটিলতা নিরসনের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজ্উক)-এর বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকাকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, প্রকল্পটির অবস্থানগত কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার সঙ্গে প্রশাসনিক সীমানার যে জটিলতা ছিল, তা দূর করতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিকারের সভায় পূর্বাচল প্রকল্পের বিষয়টি ছাড়াও দেশজুড়ে প্রশাসনিক কাঠামোর উন্নয়নে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন পেয়েছে। সভায় তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত হয়েছে। নতুন উপজেলাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে বাঙ্গরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত দক্ষিণ গফরগাঁও। পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা নামে একটি নতুন থানা গঠনের বিষয়টিও নিকারের সভায় নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেন। সভায় প্রশাসনিক কর্মদক্ষতা বাড়ানো এবং জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এসব প্রস্তাবের বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

জুলাই সাহসের নাম
১ জুলাই ২০২৬ ১৬:০৪

আরো

সম্পর্কিত খবর