মৌসুমী ফল উৎসব আয়োজনের মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয় এবং নতুন নেতৃত্বের কাছে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়।
রোববার (২৮ জুন) সকালে কলেজের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি এইচ এম মাহিন। অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন দেশীয় মৌসুমী ফল দিয়ে অতিথি, সমিতির সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা রুহুল কুদ্দুস মল্লিক ও ফয়েজ রেজা। এছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ, এশিয়ান টেলিভিশনের মাহবুব জুয়েল, কবি ও সাংবাদিক আবিদ আজম, সংগঠনের উপদেষ্টা শামিম হোসেন শিশির, তাওসিফ মাইমুন, সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি এবং ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৌসুমী ফল উৎসব শুধু আনন্দের আয়োজন নয়, বরং দেশীয় ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলারও একটি কার্যকর উদ্যোগ। পাশাপাশি এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক সম্প্রীতি আরও জোরদার করে।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতারা দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তারা সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা সাংবাদিক সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত দেন। তারা সংগঠনের স্বচ্ছতা, কার্যক্রমের বিস্তৃতি এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান কমিটির সদস্যরাও সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।