ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট পাসের প্রস্তাব উপস্থাপন করেন।
নতুন অর্থ বছরের এই বাজেটের আকার চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বাজেট পাসের আগে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবি উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর সংসদ সদস্যদের দেওয়া ১৩৪৪টি ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শেষে তা কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়।
এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী এই বাজেট প্রস্তাব সংসদে উত্থাপন করেছিলেন, যা সরকারি ও বিরোধী দলের দীর্ঘ আলোচনা শেষে আজ চূড়ান্তভাবে পাস হলো। নতুন এই বাজেটটি আগামীকাল ১ জুলাই থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।