Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল আর্থিক সেবা খাতে বিনিয়োগ ও কার্যক্রম বাড়াতে চায় ভিওন গ্রুপ

স্টাফ করেপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৫:১২

– ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভিওন গ্রুপ।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক গভর্নর মো. মোস্তাকুর রহমা‌ন-এর সঙ্গে ভিওন গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এমন আগ্রহের কথা জানানো হয়। ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি ফাবেলার নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং ডিজিটাল ব্যাংকিং–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ সাপেক্ষে ভিওন গ্রুপের সংশ্লিষ্ট আবেদন ও উদ্যোগ দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে।

বৈঠকে ভিওন গ্রুপ জানায়, তারা ইতোমধ্যে বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্সের জন্য আবেদন করেছে। একই সঙ্গে দেশের বৃহত্তর ডিজিটাল আর্থিক সেবা ইকোসিস্টেমে দীর্ঘমেয়াদি অংশগ্রহণের লক্ষ্যে একটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগোতে চায় প্রতিষ্ঠানটি।

আলোচনায় একটি বিদ্যমান ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানে বিনিয়োগ, শেয়ারহোল্ডিং কাঠামো, সম্ভাব্য অংশীদারত্ব এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারী হিসেবে যুক্ত হওয়ার বিষয়ে ভিওন গ্রুপের আগ্রহও উঠে আসে। এ ক্ষেত্রে উপযুক্ত করপোরেট কাঠামো, বিদ্যমান আইন, নিয়ন্ত্রক শর্ত এবং প্রয়োজনীয় অনুমোদনের বিষয়গুলো অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে কেন্দ্রীয় ব্যাংক নীতিগতভাবে সহায়ক ভূমিকা পালন করে। তাই প্রযোজ্য আইন ও বিধিবিধান মেনে ভিওন গ্রুপের আবেদন ও উদ্যোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে।

বৈঠকে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নিরাপদ ও সুশাসনভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সারাবাংলা/এসএ/এসআর