ঢাকা: বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ বরাদ্দ সিটি করপোরেশনের আওতায় থাকা বিরোধী দলীয় সদস্যদের আসনের জন্য রাখা হয়নি বলে জানান তিনি।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন।
পরে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চাইলে স্পিকার তাকে ফ্লোর দেননি। তবে পরে স্থানীয় সরকার মন্ত্রীকে ফ্লোর দিলে তিনি বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনদিন পাইনি। ৫ বার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি। প্রাপ্তি যোগে অন্য কিছু হয়নি। স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব করায় হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান।