Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেট
২৮ জুন ২০২৬ ১৪:৫৬ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৪:৫৭

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউক-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। আদালত আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন।

রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদক-এর আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, এদিন অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, কারণ তারা আদালতে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের পর মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেন পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো মূল্য পরিশোধ না করে গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট দখল ও পরে নিজেদের নামে নিবন্ধন করেন।

এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলা দায়ের করে। পরে শাহ মো. খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে আদালত তিন মাসের জন্য তদন্ত স্থগিতের আদেশ দেন। তদন্ত শেষে গত বছরের ১১ ডিসেম্বর দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগপত্র দাখিল করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর