Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহনপুরে ইটের আঘাতে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১১:৪৭

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ইটের আঘাতে এক পশুখাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ইব্রাহিমের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. আব্দুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার হরিহরপাড়া গ্রামের মো. ভুগোলের ছেলে। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্য বিক্রির ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে তর্ক-বিতর্কের একপর্যায়ে কয়েকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় অটোভ্যানচালক জুয়েল রানা (১৬), পিতা আব্দুল মজিদ, আহত হন। তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে স্থানীয় মকবুল (৫০), তার ছেলে পশু চিকিৎসক শাহীন (২৬) এবং আরও কয়েকজনের নাম অভিযোগে এসেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযুক্তরা বাড়িঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতের ছেলে রাজু দাবি করেন, ঘটনার আগের দিন তাদের দুটি আম্রপালি আমগাছ থেকে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তি আম চুরি করে বিক্রি করে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে মোহনপুর থানার এসআই মোদাচ্ছের খাঁন ও এসআই জাহাঙ্গীর আলম সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

পরে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম সরদার জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর