ঢাকা: চলতি জুন মাসের মধ্যে ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে।
শনিবার (২৭ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৪৭তম বিসিএসের ভাইভা কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কারিগরি কাজগুলো চলছে। কমিশন আশা করছে, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ৭ এপ্রিল ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমাতে তারা ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছে, যা ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে।