চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ সকাল পৌনে নয়টার দিকে বন্দরের অকশন শেডে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ও পরে আরো একটি ফায়ার সার্ভিসের ইউনিট যুক্ত হয়ে সমন্বিত চেষ্টায় সকাল ৯টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পরপরই বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নেভানোর কাজে যোগ দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।’