Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালু হত্যা মামলায় মাবজিল হায়দারকে গ্রেফতার দেখানোর আবেদন

স্টাফ করেসপন্ডেট
২৪ জুন ২০২৬ ১৩:০৫

ঢাকা: রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে হামলা এবং লিটন হাসান লালু হত্যা মামলায় মাবজিল হায়দার চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। তিনি সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে তদন্ত সংশ্লিষ্টদের দাবি।

বুধবার (২৪ জুন) ঢাকা মহানগর আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আদালত সূত্রে জানা যায়, গত ২২ জুন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শান্তুনু রহমান ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে মাবজিল হায়দার চৌধুরীকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে এ মামলায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের একটি মিছিলে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, এজাহারভুক্ত আসামিসহ ২০০ থেকে ৩০০ জন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে লিটন হাসান লালু গুলিবিদ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়। পরে নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার দেখানোর আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা মাবজিল হায়দার চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, মামলার অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে তিনি লিটন হাসান লালু হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

বর্তমানে মাবজিল হায়দার চৌধুরী ডিএমপির নিউমার্কেট থানার একটি হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তদন্ত সংস্থার মতে, তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের পরিকল্পনা, নেপথ্যের ঘটনা এবং জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। মামলার তদন্ত এখনও চলমান।