Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্ত রোনালদো

ক্রীড়া ডেস্ক
২৪ জুন ২০২৬ ০৭:৪২

লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথটা প্রায় দুই দশকের। সাফল্যের এমন দিনে মেসিকে নিয়ে করা প্রশ্নে তাই খুব একটা ভালো লাগার কথা না ক্রিস্তিয়ানো রোনালদোর। জোড়া গোলে পর্তুগালকে জেতানোর পর লিওনেল মেসিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হন পর্তুগাল কিংবদন্তি।

আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। গ্রুপ পর্বে দুই ম্যাচেই আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিকসহ করেছেন মোট পাঁচটি গোল। বিশ্বকাপে এ পর্যন্ত দুই গোল করা রোনালদোর পর্তুগাল গ্রুপ পর্বে দুই ম্যাচে এক জয় ও এক ম্যাচ ড্র করল। মিক্সড জোনে প্রথম প্রশ্নেই সাংবাদিকেরা তাঁর কাছে স্প্যানিশ ভাষায় জানতে চান, বিশ্বকাপে পরবর্তী ধাপগুলোর কোনো একটিতে মেসির মুখোমুখি হতে চান কি না, যেটা বিশ্বকাপে দুজনের সম্ভাব্য বিদায়ী ম্যাচও হতে পারে?

বিজ্ঞাপন

রোনালদো মুখে বিরক্তি প্রকাশ না করলেও উত্তরের ধাঁচে সেটা বোঝা যায়, ‘কী উত্তর দেব বুঝতে পারছি না, কারণ প্রশ্নটাই অর্থহীন। এমনটা হলে তো দারুণ হতো। তবে সবচেয়ে বড় বিষয় ছিল গ্রুপ পর্ব পার হতে ম্যাচটা জেতা এবং সামনের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করা। আমরা জানি, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ কঠিন হবে। আমি ভালো খেলেছি, গোল পেয়েছি এবং দলকে সাহায্য করতে পেরেছি; পুরো দলই আজ দারুণ খেলেছে।’

এরপর পর্তুগালকে নিয়ে বিভিন্ন প্রশ্নে এগিয়ে চলে সাংবাদিকদের সঙ্গে রোনালদোর প্রশ্নোত্তর-পর্ব। শেষ প্রশ্নে আবারও মেসিকে টেনে আনেন এক সাংবাদিক, ‘গতকাল (রাতে) মেসি দুই গোল করেন, এমবাপ্পেও…’—এটুকু বলে প্রশ্ন আর শেষ করতে পারেননি তিনি। চটে যাওয়া রোনালদো প্রশ্নটি শেষ করতে না দিয়ে পাশ ফিরে অন্য এক সাংবাদিককে প্রশ্ন করার ইশারা করেন। তখন পর্তুগিজ ভাষায় সেই সাংবাদিককে বলেন, ‘দালে, দালে, দালে (বলুন, বলুন, আপনিই বলুন)।’

সেই সাংবাদিক জানতে চান, রোনালদো কি আরও একটি প্রশ্নের উত্তর দিতে চান? পর্তুগিজ কিংবদন্তির উত্তর, ‘প্রশ্নের ওপর নির্ভর করছে, ভালো না হলে উত্তর দেব না।’ তখন পর্তুগালের প্রথম ম্যাচের প্রসঙ্গ টেনে সেই সাংবাদিক জানতে চান, রোনালদো কি শেষ পর্যন্ত বিশ্বকাপে চেনা ছন্দে ফিরতে পারলেন?

পর্তুগিজ ফরোয়ার্ডের উত্তর, ‘আমি সব সময়ই ফিরে আসি; একটু আগে কিংবা পরে। নিজের কাজটা করে যাওয়াই আসল। আমি যা করি, তাতে আমার প্রবল বিশ্বাস আছে। আমার পুরো ক্যারিয়ারটাই এমন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর