Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৮:৪২ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:৪৪

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলা বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি আরটিজি (রাবার টায়ার্ড গ্যান্ট্রি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটায় এনসিটির দক্ষিণ অংশের ৪ নম্বর বার্থে থাকা আরটিজি-৪০১৪ নম্বর ক্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে একটি গ্যান্ট্রি ক্রেনে আগুন লাগে। পরে আগুনের তাপ ও শিখা পাশে থাকা একটি রেফ্রিজারেটেড (ফ্রিজ) কন্টেইনারেও ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় ধরনের বিস্তার ঘটাতে পারেনি।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে নগরীর বন্দর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি দলও আগুন নেভানোর কাজে যুক্ত হয়। এ সময় ঘটনাস্থলের কাজ সাময়িক বন্ধ ছিল।

বিজ্ঞাপন

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একটি আরটিজি ক্রেনের ইঞ্জিন থেকে আগুনটি লাগে। দুপুর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন বলেন, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ক্রেনে আগুনের সূত্রপাত হয়। বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনীর একটি দলও যুক্ত হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক টার্মিনাল এনসিটি। এটিতে চারটি জেটি রয়েছে এবং বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক হ্যান্ডলিং করা হয় এই টার্মিনাল দিয়ে। এর আগে গত বছরের ১ অক্টোবর রাত ৮টার দিকে এনসিটিতে আমদানি করা যন্ত্রাংশের একটি কনটেইনারে আগুন লেগেছিল।