Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৭:০৯ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:০১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: সংসদে দেশের গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের একটি লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে শুরু হওয়া সংসদ অধিবেশনের এই পর্যায়ে লিখিত প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপন করা হয়। তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা এবং ৪৭৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।

গণমাধ্যমের বিস্তারিত বিবরণ দিয়ে তিনি বলেন, দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং সরকারের অনাপত্তি পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। এর মধ্যে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সারাদেশ থেকে বর্তমানে প্রকাশিত ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকার মধ্যে ঢাকা থেকে ৫৯৩টি এবং অন্যান্য জেলা থেকে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হচ্ছে। নিবন্ধিত ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টালের শ্রেণিবিভাগ উল্লেখ করে তিনি জানান, সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ৬১টি পোর্টাল নিবন্ধিত রয়েছে।