Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / সালাহ জাদুতে মিশরের ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্ক
২২ জুন ২০২৬ ১০:১৩ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৩:৪৭

প্রথমার্ধের মলিনতা ঝেড়ে ফেলে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোল মিশর। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩–১ গোলে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের ঐতিহাসিক স্বাদ পেল উত্তর আফ্রিকার দেশটি। বল পায়ে জাদু দেখালেন মোহাম্মদ সালাহ। নিজেদের নবম চেষ্টায় এসে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয়ের দেখা পেল মিশর।

ভ্যাঙ্কুবারের এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের নিয়ন্ত্রণে নিল মোস্তফা জিকো-সালাহরা। অন্যদিকে, চলতি বিশ্বকাপে এই নিয়ে টানা তিন ম্যাচে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পারার হতাশায় ডুবল নিউজিল্যান্ড, যদিও প্রথমার্ধটা পুরোপুরি ছিল নিউজিল্যান্ডের দখলে। লম্বা পাসের ফুটবলে ১৫ মিনিটেই তাদের এগিয়ে দেন ফিন সারমান।

বিজ্ঞাপন

তবে বিরতির পর সম্পূর্ণ বদলে যায় মিশরের রণকৌশল। রাইট উইং ছেড়ে মোহাম্মদ সালাহ ইনসাইডে খেলতে শুরু করলে পাল্টে যায় ম্যাচের গতি। মাঝমাঠে প্রভাব বিস্তার করেন ইমাম আশুর। প্রথমার্ধের মন্থর ফুটবল ভুলে একের পর এক আক্রমণে নিউজিল্যান্ডের রক্ষণভাগকে কোণঠাসা করে ফেলে ফারাওরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের যে জোয়ার মিশর তুলেছিল, তার ফল মিলতে সময় লাগেনি।

৫৯ মিনিটে ডান প্রান্ত থেকে হানি চমৎকার এক ক্রস বাড়ান বক্সে। সেখানে আনমার্কড থাকা মোস্তফা জিকো নিখুঁত হেডে বল জালে জড়িয়ে মিশরকে সমতায় ফেরান। এর ৮ মিনিট পরই  বক্সের ঠিক বাইরে ওয়ান-টু খেলে ভেতরে ঢুকে পড়েন লিভারপুল কিংবদন্তি মোহাম্মদ সালাহ। ঠান্ডা মাথায় ট্রেডমার্ক সাইড-ফুটেড শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন মিশরের পোস্টার বয়।

৮২ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ত্রেজেগে। এতেও ভূমিকা আছে সালাহর। সাবেক লিভারপুল তারকার নেওয়া কর্নার কিক থেকে নিউজিল্যান্ডের রক্ষণভাগের চরম উদাসীনতায় বক্সে একদম ফাঁকায় বল পান ত্রেজেগে। নিচু হয়ে দারুণ এক হেডে কিউইদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। ম্যাচের একদম শেষ পর্যায়ে ৯৩ মিনিটে জিজো নিউজিল্যান্ডের গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান ৪–১ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

এই জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের চালকের আসনে মিশর। আগামী শনিবার সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরান। অন্যদিকে, বেলজিয়াম ও ইরান দুই দলেরই সংগ্রহ ২ পয়েন্ট করে। গ্রুপের অন্য ম্যাচে ভ্যাঙ্কুবারে একই সময়ে বেলজিয়ামের মুখোমুখি হবে বিদায়ের মুখে থাকা নিউজিল্যান্ড। সমীকরণের বিচারে এই গ্রুপ থেকে নকআউটের লড়াই এখনও বেশ স্পষ্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর