Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ: স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৬:২৯ | আপডেট: ২১ জুন ২০২৬ ১৭:৪৩

ঢাকা: বর্তমানে রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (২১ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর অধীনে বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।

বিজ্ঞাপন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট ডিব্রিফিং সেশনের এই আয়োজনটি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। জাতীয় বাজেট ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের সেশন আগামীতে কার্যকরী ভূমিকা পালন করবে। তিনি বলেন, সংসদ সদস্যদের তথ্য ও উপাত্ত নির্ভর বাজেট বিশ্লেষণে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সার্বিক আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে সুস্পষ্ট এবং গভীর ধারণা পেতে সংসদ-সদস্যগণ সংসদ লাইব্রেরিতে পড়াশোনা করে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।

তিনি আরও বলেন, বাজেট নিয়ে সংসদ সদস্যদের আগ্রহ এবং সংসদীয় উদ্যোগে নিজেদের সঠিকভাবে ব্যাপৃত করতে পারলে সামগ্রিকভাবে জাতি উপকৃত হবে। দেশের সর্বস্তরের জনগণ অধীর আগ্রহে এই সংসদ নিয়ে অপেক্ষা করছে এবং তাদের ভবিষ্যৎ চলার মূল রূপরেখা এখান থেকেই নির্ধারিত হবে। সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ ধরনের প্রোগ্রাম সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে দীর্ঘকাল ধরে সহযোগিতা করে যাচ্ছে। তিনি এসময় বাজেট ডিব্রিফিং সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, স্বাধীনতা উত্তর সময়ে সংসদ নিয়ে সাধারণ মানুষের অনেক বেশি জনপ্রত্যাশা ছিল। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বর্তমান সংসদটি সম্পূর্ণ একটি ব্যতিক্রমী সংসদ এবং প্রতিটি নির্বাচনী এলাকার সাধারণ জনগণ গভীর মনোযোগের সাথে এই সংসদ পর্যবেক্ষণ করছেন। দেশের অর্থনীতি, সমাজনীতি ও রাষ্ট্রনীতির মূল আধার হলো এই জাতীয় সংসদ। একটি সম্পূর্ণ তথ্যভিত্তিক সংসদ প্রতিষ্ঠায় বাজেট ডিব্রিফিং সেশন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ও সুশৃঙ্খল ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার একটি যুগোপযোগী ও বাস্তবমুখী বাজেট উপস্থাপন করেছে। স্বাধীনতার পর বাংলাদেশে এমন ভালো বাজেট আর কখনো তৈরি হয়নি।

তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের প্রয়োজনীয় সকল তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে। এক সময় বাজেট-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সংসদ সদস্যদের অনেক কষ্ট করতে হতো। তবে ইউরোপীয় ইউনিয়নের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে এখন খুব সহজেই প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে এবং বাজেটকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। এই ডিব্রিফিং অনুষ্ঠানে বিরোধী দলের নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপসহ আমন্ত্রিত সংসদ-সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর