Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি হেফাজতকর্মীর

স্টাফ করেসপন্ডেট
১৮ জুন ২০২৬ ১৫:১৬

ঢাকা: জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)-এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন হেফাজতে ইসলামের কর্মী তাজুল ইসলাম সুমন।

বৃহস্পতিবার (১৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে তার জবানবন্দি রেকর্ড করা হয়। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

মামলার ষষ্ঠ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া তাজুল ইসলাম সুমনের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়। বর্তমানে তিনি কৃষিকাজের পাশাপাশি হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

জবানবন্দিতে তিনি দাবি করেন, গুম ও নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি মিথ্যা মামলায় দীর্ঘ আট বছর কারাবন্দি থাকতে হয়েছে তাকে। এসব ঘটনার জন্য তিনি শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু জেরা শুরু করেন। তবে সময়ের স্বল্পতার কারণে জেরা অসম্পূর্ণ থাকায় ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য আগামী ২২ জুলাই দিন নির্ধারণ করেন।

মামলার ১৩ আসামির মধ্যে বর্তমানে গ্রেফতার রয়েছেন তিনজন। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক কয়েকজন মহাপরিচালক এবং সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা। এর মধ্যে শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, গুম-নির্যাতনের এ মামলায় গত বছরের ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ১৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর