ঢাকা: সিলেটে তাবলীগ জামাতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী ফাতিহা মাশকুরাকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।
বুধবার (১৭ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মাশকুরার করা আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ১৮ মে সিলেটে নিজ বাসার শয়নকক্ষ থেকে ইব্রাহিম আবু খলিলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করা হয় এবং পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
একই বছরের ২৪ আগস্ট তদন্ত শেষে পুলিশ মাশকুরার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে যায়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং আপিল খারিজ করেন।
পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ফাতিহা মাশকুরা। সেই আপিলের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে তাকে খালাস দেন।