Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৮:৪০

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ – ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের ৭৫টি কারাগারে বর্তমানে অনুমোদিত ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে সর্বমোট ৪৫ হাজার ১৩৬ জন বন্দির অনুমোদিত ধারণক্ষমতা রয়েছে। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ১০৭ জন এবং মহিলা ২ হাজার ২৯ জনের আবাসন ক্ষমতা রয়েছে। তবে এই ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে দেশের কারাগারগুলোতে মোট ৭৬ হাজার ১১৩ জন বন্দি আটক রয়েছে, যার মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং মহিলা ২ হাজার ৭৭ জন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকার কারণে কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে।

বিজ্ঞাপন

কারাগারের আবাসন সমস্যা সমাধানের জন্য সরকারের নানামুখী উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দিদের এই আবাসন সংকট দূর করতে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার ২, ফেনী জেলা কারাগার ২ এবং খুলনা জেলা কারাগার ২ চালু করা হয়েছে। এর পাশাপাশি কিশোরগঞ্জ জেলা কারাগার ২, মাদারীপুর জেলা কারাগার ২ এবং পিরোজপুর জেলা কারাগার ২ শীঘ্রই চালু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। উল্লিখিত ৪টি কারাগারের নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং তখন সর্বমোট ধারণক্ষমতা ৪৮ হাজার ৯১ জনে উন্নীত হবে। এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি এবং খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। এই প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর বন্দি ধারণক্ষমতা আরও বাড়বে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর