ঢাকা: দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেনজীর আহমেদ অন্যতম আসামি। এছাড়া শাপলা চত্বর সংশ্লিষ্ট মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং টেকনাফে একরামুল হত্যাকাণ্ডের ঘটনায়ও আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে যা শিগগিরই দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর জানান, বিভিন্ন গুমের ঘটনায় বেনজীর আহমেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ট্রাইব্যুনালের বাইরে তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। এসব বিবেচনায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানার নথি সরকারের কাছে পাঠানো হয়েছে যা পরবর্তীতে ইন্টারপোলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবে। একইসঙ্গে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
আমিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এরপর সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে তাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দেশে ফিরিয়ে আনার পর বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। তদন্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহের স্বার্থে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।