Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় স্কালোনি, একাদশে থাকবে চমক?

ক্রীড়া ডেস্ক
১৫ জুন ২০২৬ ১৫:৫৭

কানসাস সিটিতে  আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে  প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক আগমুহূর্তে লিওনেল মেসিদের শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলটির রক্ষণভাগ। অনুশীলনে কোচ লিওনেল স্কালোনির একের পর এক কৌশলগত পরীক্ষা-নিরীক্ষা শুরুর একাদশ নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রবিবারের অনুশীলন সেশনে স্কালোনি ডিফেন্সে দুটি ভিন্ন ফরমেশন পরখ করে দেখেছেন। প্রথমে চার ডিফেন্ডার নিয়ে ব্যাকলাইন সাজালেও পরে তিনি তিন সেন্টার-ব্যাক ও দুই অ্যাটাকিং উইং-ব্যাকে (পাঁচজনের ডিফেন্স) শিফট করেন। ট্যাকটিক্যাল ড্রিল বা কৌশলগত অনুশীলনের সময় রক্ষণভাগে বেশ কিছু পরিবর্তন আনেন তিনি।

বিজ্ঞাপন

অনুশীলনের শুরুতে স্কালোনিকে ৪-৪-২ ফরমেশনে দল সাজাতে দেখা যায়। যেখানে রক্ষণভাগে ছিলেন গনসালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেস। পরে রোমেরোর জায়গায় মাঠে নামানো হয় ফাকুন্দো মেদিনাকে। আলজেরিয়ার খেলার ধরন ও ইতিহাস বিবেচনায় আর্জেন্টিনা এই ৪-৪-২ ফরমেশনেই ম্যাচ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে খেলোয়াড়দের নাম এখনো চূড়ান্ত নয়। রাইট-ব্যাকে নাহুয়েল মলিনার খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 খেলার মাঝপথে কৌশল বদলের অংশ হিসেবে স্কালোনি ৩-৫-২ ফরমেশনও পরখ করেন। যেখানে দুই উইং-ব্যাকে আক্রমণাত্মক দুই খেলোয়াড়, ডানে হুলিয়ানো সিমেওনে এবং বাঁয়ে নিকোলাস গনসালেসকে খেলানো হয়। মাঝে স্টপার হিসেবে ছিলেন রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস এবং সুইপার পজিশনে ওতামেন্দি। তবে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা এই ফরমেশনে খেলতে নামবে— এমন সম্ভাবনা খুবই কম।

রক্ষণে ধোঁয়াশা থাকলেও মাঝমাঠ ও আক্রমণভাগ নিয়ে স্কালোনির পরিকল্পনা একদম পরিষ্কার। মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকছেন এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দি পল। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্তিনেস। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা হুলিয়ান আলভারেস গোঁড়ালির লিগামেন্ট ইনজুরির কারণে আগের দুটি প্রীতি ম্যাচ মিস করেছেন।

একাদশের বাকি থাকা একমাত্র পজিশনটির জন্য জুলিয়ানো সিমেওনের চেয়ে থিয়াগো আলমাদাই কোচের প্রথম পছন্দ হতে যাচ্ছেন। ক্লাব ফুটবলে ডিয়েগো সিমেওনের অধীনে আলমাদার মৌসুমটি খুব একটা ভালো না কাটলেও, জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্স ও গোল করার ক্ষমতার কারণে স্কালোনির ভরসা পাচ্ছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক); নাহুয়েল মলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর