Friday 12 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসমেটিকসের দাম কমলে বিক্রি বৃদ্ধির আশা ব্যবসায়ীদের

স্টাফ করেসপন্ডেট
১২ জুন ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ১২ জুন ২০২৬ ২২:১৯

ঢাকা: প্রস্তাবিত বাজেটে নারীদের ব্যবহৃত বিভিন্ন কসমেটিকস পণ্যের দাম কমার সম্ভাবনায় স্বস্তি প্রকাশ করেছেন অনেক ক্রেতা ও বিক্রেতা। বিশেষ করে নিয়মিত মেকআপ ও স্কিন কেয়ার পণ্য ব্যবহারকারীরা মনে করছেন, এতে ব্যক্তিগত পরিচর্যার ব্যয় তুলনামুলকভাবে কমবে। তবে অনেকে আবার বলছেন, কসমেটিকসের দাম কমার থেকে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যের মূল্য কমানোই বেশি জরুরি।

রাজধানীর মিরপুরের বাসিন্দা নুসরাত জাহান বলেন, ‘আমরা যারা চাকরি করি বা নিয়মিত বাইরে যাই, তাদের অনেকেরই কসমেটিকস ব্যবহার করতে হয়। দাম কিছুটা কমলে মাসিক খরচে ইতিবাচক প্রভাব পড়বে।’

বিজ্ঞাপন

একই ধরনের মত প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানহা ইসলাম। তিনি বলেন, ‘ভালো মানের প্রসাধনী কিনতে অনেক সময় বাজেটের বাইরে চলে যেতে হয়। দাম কমলে শিক্ষার্থী ও তরুণীদের জন্য তা সুবিধাজনক হবে।’

তবে ভিন্ন মত দিয়েছেন গৃহিণী রোকসানা আক্তার। তার ভাষায়, ‘কসমেটিকস তো সবাই কেনে না। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সবচেয়ে বড় চিন্তা চাল, ডাল, তেল, সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এসবের দাম না কমলে সাধারণ মানুষের কষ্ট কমবে না।’

নিউমার্কেট এলাকার এক কসমেটিকস বিক্রেতা মো. রফিকুল ইসলাম বলেন, ‘দাম কমলে বিক্রি বাড়তে পারে। অনেক ক্রেতা উচ্চ মূল্যের কারণে ভালো ব্র্যান্ডের পণ্য কিনতে পারেন না। কর কমলে বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।’

ব্যবসায়ী শারমিন কসমেটিকসের স্বত্বাধিকারী শারমিন আক্তার বলেন, ‘সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আমদানিনির্ভর পণ্যের খরচ কিছুটা কমবে বলে আশা করছি। তবে এর সুফল পুরোপুরি পেতে বাজারে স্থিতিশীল সরবরাহ ও কার্যকর নজরদারিও প্রয়োজন।’

সার্বিকভাবে দেখা যাচ্ছে, কসমেটিকস পণ্যের সম্ভাব্য মূল্যহ্রাসকে নারীদের একটি অংশ স্বাগত জানালেও সাধারণ মানুষের বড় একটি অংশের প্রত্যাশা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যহ্রাস। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও সহনীয় পর্যায়ে নামিয়ে আনলে, সব শ্রেণি-পেশার মানুষ সরাসরি উপকৃত হবেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর