টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে চোটে আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন লিওনার্দো বালের্দি। তার বদলি হিসেবে এবার বোর্নমাউথের সেন্টার-ব্যাক মার্কোস সেনেসিকে দলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।
হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার শেষ অনুশীলন সেশনে চোট পান বালের্দি। তখন সংবাদমাধ্যমে খবর আসে, মার্সেইয়ের এই সেন্টার-ব্যাককে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন গত শনিবার জানায়, বিশ্বকাপে খেলতে পারবেন না বালের্দি। অনেকটা সময় নিয়ে তার পরিবর্তে বোর্নমাউথের ফুটবলার সেনেসিকে দলে ডাকলেন কোচ।
২০২২ সালে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় সেনেসির। তবে আর্জেন্টিনা দলে কখনোই নিয়মিত হতে পারেননি তিনি। এখন পর্যন্ত কেবল তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
তবে ২০২৫-২৬ প্রিমিয়ার লিগে চমক জাগানো বোর্নমাউথের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। দলটির হয়ে এই মৌসুমে ৩৯টি ম্যাচে তিন হাজার ৩৬৫ মিনিট মাঠের ছিলেন সেনেসি, পাঁচটি অ্যাসিস্টও করেন তিনি।
আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের অন্য দুটি দল হলো অস্ট্রিয়া ও জর্ডান।