ঢাকা: দেশে স্মার্ট কার্ড এবং ব্যাংকিং ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। এ খাতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে কর সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে ডিজিটাল সেবাভিত্তিক অবকাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
বাজেট প্রস্তাবে বলা হয়, স্মার্ট কার্ড ও ব্যাংকিং কার্ড উৎপাদন শিল্পে বিনিয়োগ বাড়াতে ১০ ধরনের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হবে। পাশাপাশি এসব কাঁচামালের ওপর আরোপিত ৫ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতির প্রস্তাবও রাখা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের নাগরিকসেবাগুলো আরও সহজলভ্য করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন ডিজিটাল সেবা চালু করা হচ্ছে। এই বাড়তি চাহিদা পূরণে দেশেই স্মার্ট কার্ড উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত কর সুবিধা কার্যকর হলে দেশে স্মার্ট কার্ড ও ব্যাংকিং কার্ড উৎপাদনের খরচ কমবে এবং এ খাতে নতুন বিনিয়োগও বাড়বে।