Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১২:০১ | আপডেট: ১০ জুন ২০২৬ ১৪:৪৩

ঢাকা: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ বুধবার। দিবসটি উপলক্ষ্যে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ দেশে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাধারণত প্রতি বছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়, তবে এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় আজ ১০ জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের একটি গর্বিত অংশীদার হিসেবে দীর্ঘ প্রায় চার দশক ধরে বিশ্বের সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী বিশ্বের ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের ৮ জন নারী সদস্যসহ ৩৭ জন কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে কর্মরত রয়েছেন। এছাড়া, ২০০০ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।

বিজ্ঞাপন

শান্তিরক্ষা মিশনে অত্যন্ত প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা স্থানীয় জনগণের ব্যাপক আস্থা অর্জন করেছেন। বিশেষ করে হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আফ্রিকা ও ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে বিশ্বশান্তি প্রতিষ্ঠার এই মহান দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

সংশ্লিষ্টরা জানান, জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ এবং এরই ধারাবাহিকতায় হাইতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের আরও ৫২৫ জন সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হবেন।

সারাবাংলা/এফএন/এনজে