Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন শামা ওবায়েদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৮:১৮ | আপডেট: ৮ জুন ২০২৬ ২০:৫৬

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা বৈঠক করেন – ছবি : সংগৃহীত

ঢাকা: এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (০৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা সাক্ষাৎ করতে গেলে তিনি এ সমর্থন চান। বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ ব্যবস্থা, রেলওয়ে, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অভিবাসন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে নিয়মিত দ্বিপক্ষীয় পরামর্শ সভা এবং উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও মতবিনিময় করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় স্পেনের রাষ্ট্রদূত ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় পর্যায়ে সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত মনোযোগ ও সমর্থনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় স্পেনের সমর্থন কামনা করেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের গুরুত্বের ওপর জোর দেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।

এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। তারা শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর