ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের বিশাল কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। বর্তমানে সারাদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে মোট ১১০টি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু রয়েছে। এর মধ্যে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বছরে ১২ লাখেরও বেশি প্রশিক্ষণার্থী দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছেন।
সোমবার (৮ মার্চ) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিচুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে মন্ত্রী জানান, এই ১১০টি প্রতিষ্ঠানে ৫৫টি ট্রেড বা কোর্সে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম সবার কাছে সহজলভ্য করতে উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।