ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত ফল উৎসবকে কেন্দ্র করে নির্মিত মঞ্চ ও প্যান্ডেলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৬ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, রূপগঞ্জে এনসিপি’র উদ্যোগে একটি ফল উৎসব আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে উৎসব উপলক্ষে নির্মিত প্যান্ডেল শুক্রবার ভেঙে দেওয়া হয়। পরে শনিবার সকালে পুনরায় মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হলে সেগুলো আবারও ভাঙচুর করা হয়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং এ সময় এনসিপি’র নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।