ঢাকা: দেশে প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত থাকলেও জুন মাসের শুরুতে রেমিট্যান্স প্রবাহে কিছুটা ধীরগতি দেখা গেছে। চলতি মাসের প্রথম তিন দিনে (১-৩ জুন) দেশে ৪৮ কোটি ৩০ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ কম।
বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ৩ জুন একদিনেই দেশে ১১ কোটি ৬৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর ১ থেকে ৩ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ৩০ লাখ ৫০ হাজার ডলার।
গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৫ সালের ১ থেকে ৩ জুন দেশে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১৯ দশমিক ৯৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে সামগ্রিক অর্থবছরের হিসাবে প্রবাসী আয়ের চিত্র এখনো ইতিবাচক রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩২৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৮১০ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার।
এর ফলে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি এবং বিভিন্ন প্রণোদনা সুবিধার কারণে চলতি অর্থবছরজুড়ে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে।
তবে জুন মাসের শুরুতে ঈদ-পরবর্তী সময়ে প্রবাসী আয় কিছুটা কমে যাওয়ায় মাসিক হিসাবে প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে। এরপরও চলতি অর্থবছর শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।