Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে হিলিতে গ্রাহক সমাবেশ

লোকাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ১৫:৫৩

হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা ও ব্যাংক লুটপাটকারীদের বিচারের দাবিতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ) দুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, হাকিমপুর উপজেলার ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে, গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এবং গ্রাহক স্বার্থ রক্ষায় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বান জানানো হয়।

সমাবেশে ইসলামী ব্যাংকের হিলি শাখার গ্রাহক মো. সাবিরুল ইসলাম তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক পরিশ্রম ও কষ্টের মধ্য দিয়ে এ দেশে একটি ব্যাংককে দাঁড় করাতে হয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এ দেশের লাখ লাখ-কোটি কোটি টাকা পাচার করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, আজ আবারও তাদের হাতেই ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র এ দেশের তৌহিদী জনতা কখনো মেনে নেবে না।

সমাবেশ থেকে সাত দফা দাবি উত্থাপন করে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সরকার যদি সাধারণ গ্রাহকদের যৌক্তিক দাবি মেনে না নেয়, তবে জনগণকে সাথে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশের শেষাংশে বক্তারা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ব্যাংকগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, ইসলামী ব্যাংক ও গ্রাহকদের অধিকার আদায়ের লক্ষ্যে আগামীতে যেকোনো ধরনের কঠোর কর্মসূচি সফল করতে উপজেলার সর্বস্তরের জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর