Thursday 04 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২২ জুন, হাসপাতালে ফজলে করিম

স্টাফ করেসপন্ডেট
৪ জুন ২০২৬ ১৫:৪৭

সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২২ জুন নতুন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, এদিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে গ্রেফতার ৫ আসামির একজন সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।

বিজ্ঞাপন

প্রসিকিউশনের দাবি, ফজলে করিম বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা নথি পর্যালোচনায় তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা পাওয়া গেলেও হাসপাতালে ভর্তি থাকার মতো গুরুতর অবস্থা দেখা যায়নি বলে মন্তব্য করেন প্রসিকিউটর।

অন্যদিকে ফজলে করিমের আইনজীবী এম হাসান ইমাম বলেন, বয়সজনিত অসুস্থতার পাশাপাশি ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে তিনি ঘাড়ে আঘাত পান এবং তার ঘাড়ের হাড়ে ক্ষতি হয়েছে। এ কারণে প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন।

এ মামলায় রাষ্ট্রনিযুক্ত প্রতিরক্ষা আইনজীবীরা অভিযোগ করেন, মামলার প্রয়োজনীয় কিছু কাগজপত্র এখনও তাদের সরবরাহ করা হয়নি।

যদিও প্রসিকিউশন এ দাবি অস্বীকার করে জানায়, সব নথি যথাযথভাবে সরবরাহ করা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন।

সকালে কারাগার থেকে চার আসামি আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ১৩ মে পলাতক ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। আর ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন। এর দুই দিন আগে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করেছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রথম ঘটনায় ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় ঘটনায় তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রের হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।