ঢাকা: পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমিনুল হক বলেন, খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে পরিবেশগত নানা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচল ও অবসর কাটানোর সুযোগ পায়।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সচেতনতাও জরুরি। পরিবেশের প্রতি মানুষ যত বেশি দায়িত্বশীল হবে, প্রকৃতিও তত বেশি মানবজীবনকে সহায়তা করবে।
পল্লবী ও রূপনগর থানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত র্যালিটি সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাজেদুল ইসলাম মডেল স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন আমিনুল হক। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।