ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। উভয় পক্ষ বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ করার লক্ষ্যে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতের শুরুতে স্টেফান লিলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানান।
স্টেফান লিলার বলেন, ইউএনডিপির দৃষ্টিতে বর্তমান জাতীয় সংসদ বেশ প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র আগের চেয়ে শক্তিশালী হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগ ও রূপরেখা তুলে ধরেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, এসব জনবান্ধব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের টেকসই অগ্রযাত্রা ও সার্বিক উন্নয়নে উন্নয়ন সহযোগীদের অতীতের মতো আগামী দিনগুলোতেও অব্যাহত সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউএনডিপির পক্ষ থেকে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।