Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৭:০৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) অবশেষে গ্রেফতার হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (৩ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা এবং বেল্লাল হোসেনের ছেলে।

র‍্যাব-১২ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সকালে ভুক্তভোগী মানসিক প্রতিবন্ধী শিশুটি বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এ সময় আসামি শান্ত শিশুটিকে ফুসলিয়ে এবং টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। পরে শিশুটির বক্তব্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় গত ৩ মে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

এদিকে, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের এই অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো রায়গঞ্জ উপজেলাসহ সিরাজগঞ্জ জেলায় ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

র‍্যাব জানায়, মামলার আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে বুধবার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি শান্তকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

র‍্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ বলেন, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।