Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিন-দুপুরে শ্যামলী থেকে অপহরণের পর মুক্তিপণ, গ্রেফতার ৯

স্টাফ করেসপন্ডেন্ট 
৩ জুন ২০২৬ ১৫:৪৬ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৭:৪২

ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফজলুল করিম – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্রের ৯ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফজলুল করিম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩) ও মো. মর্তুজা তামিম (২৬)।
এডিসি ফজলুল করিম বলেন, মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় ভুক্তভোগী সাদমান সাকিব (২৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে গ্রেফতারকৃতরা তার পথরোধ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটার শো-রুমের চিপা গলিতে নিয়ে আটকে রাখে।
তিনি বলেন, অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিম রাজি না হওয়ায় অপহরণকারীরা তাকে মারধর করে এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেয়। এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেন-কে গ্রেফতার করে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বলেন, পরবর্তীতে তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করে আদাবর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি শ্যামলী মোড়, শ্যামলী রিং রোড, শ্যামলী হাউজিংসহ আশপাশের এলাকায় পথচারীদের পথরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন