Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
৩ জুন ২০২৬ ১৪:৫৭ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৬:০৩

– ছবি : প্রতীকী

ঢাকা: ঢাকার মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

গত ৩১ মে মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি উদ্ধার করার সময় তা পচন ধরেছিল এবং শরীরে পোকাও দেখা যায়। তবে ঠিক কতদিন আগে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যায়। তাদের দাবি, বাসাটির পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অগোছালো।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। বাসাটির অবস্থা ছিল অত্যন্ত নোংরা।

তিনি আরও জানান, নূরজাহান বেগমের এক ছেলে সরকারের একজন যুগ্ম সচিব এবং অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ঘটনার বিষয়ে নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রিটের মাধ্যমে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।