Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মিতসুই অ্যান্ড কোং

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৪:৫৭ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৬:০৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের মিতসুই অ্যান্ড কোং-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।

বুধবার (৩ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক এবং দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিতসুই অ্যান্ড কোং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই সাক্ষাতে মূলত খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে প্রতিনিধিদলকে জানানো হয়, বাংলাদেশ সরকার বর্তমান বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও এর সম্প্রসারণে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনা হচ্ছে। এই উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা দ্রুত ও নির্বিঘ্নে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

জাপানি প্রতিনিধিদলের মধ্যে আরও উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

এই বৈঠকটি বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে প্রযুক্তিগত সক্ষমতা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জাপানি প্রতিষ্ঠানের আগ্রহ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেছে জাপানি প্রতিনিধিদল। তারা বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে টেকসই বিনিয়োগের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর