Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৪:২১ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৬:০৩

ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে চেয়ারম্যান মো. খুরশীদ আলম-এর অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে বুধবারও (৩ জুন) বিক্ষোভ ও সমাবেশ করেছেন ব্যাংকটির একদল গ্রাহক।

‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতসহ সাত দফা দাবি তুলে ধরেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক বোর্ড পুনর্গঠন ও নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে আবারও বিতর্কিত প্রভাববলয়ের অধীনে নেওয়ার চেষ্টা হচ্ছে। তারা বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, ওমর ফারুক খানকে পুনর্বহাল, ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং এস আলম গ্রুপকে কোনো ব্যাংকে ফেরার সুযোগ না দেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মতিঝিলের বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকেরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সমর্থন জানান।

ইসলামী ব্যাংককে ঘিরে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরেই গ্রাহকেরা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এর মধ্যে গত সোমবার আন্দোলনের মুখে ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক সশরীরে না হয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইনকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়।

গত ২৪ মে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান-এর পদত্যাগের পর সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে একদল গ্রাহক ও শেয়ারধারী ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। বুধবারের বিক্ষোভ সেই আন্দোলনের সর্বশেষ কর্মসূচি।