চট্টগ্রাম: জেলার পটিয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুবদল নেতা মিজানুর রহমান কফিল-কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। তিনি পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
সোমবার (১ জুন) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে’ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে এতে।
রোববার (৩১ মে) দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন মিজানুর রহমান কফিল (৩৭)। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে কফিলের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। রোববার দুপুরে তিনি ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে মারধরের অভিযোগও ওঠে।
ভাইরাল ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে কফিল-কে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভিডিওতে একটি সিএনজিচালিত অটোরিকশায় এক নারীকে ঘটনাস্থল ত্যাগ করতেও দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে কফিল জানান, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করছে। আত্মীয়ের বাড়িতে লেনদেনসংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।