Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন

স্টাফ করেসপন্ডেট
২ জুন ২০২৬ ১৩:০২ | আপডেট: ২ জুন ২০২৬ ১৪:৪৮

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন – ফাইল ছবি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এর আগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। গত ১১ মে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়। ওই শুনানিতে ব্যারিস্টার সুমনের পক্ষে আইনজীবী এম লিটন আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত প্রায় দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং নিজ জেলা হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মিরপুর থানার একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তাকে জামিন প্রদান করেন এবং রুল জারি করেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।

এদিকে, হবিগঞ্জের দুই মামলায় করা নতুন জামিন আবেদনের শুনানির দিকে এখন সংশ্লিষ্টদের নজর রয়েছে।