Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির শেষে পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৬:০৭ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৪

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (০১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই দিনে বেড়েছে ১৭৯টি কোম্পানির শেয়ারের দর। গতদিনের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বাজার সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে ঈদের আগেই বাজারে উত্থান ফিরে আসে। ঈদের আগে শেষ পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক প্রায় ১৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় ঈদের পরও বাজার ইতিবাচক অবস্থানে রয়েছে।

তাদের মতে, এখনও অনেক বিনিয়োগকারী ঈদের ছুটি কাটিয়ে পুরোপুরি কর্মস্থলে ফিরতে পারেননি। এছাড়া কোরবানির ঈদ-পরবর্তী সময়ে অনেকের হাতে বিনিয়োগের জন্য পর্যাপ্ত নগদ অর্থও নেই। তারপরও বাজারে উত্থান অব্যাহত থাকা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং বাজারকে আরও স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

ডিএসই সূত্র মতে, সকালে ইতিবাচক শুরুর পর দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে।

এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসই-তে ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৮ কোটি ৭১ লাখ টাকা ।

সোমবার ডিএসই-তে মোট ৩৮৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৯ টি কোম্পানির, বিপরীতে ১৫২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২১ কোটি ৮০ লাখ টাকা।

সিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭০ দশমিক ৭৬ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসেও সূচকটি ৭০ দশমিক ৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

সার্বিকভাবে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই দেশের দুই বাজারেই ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর