Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, রাজবাড়ীতে ট্রেনে উপচেপড়া ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৫:৫৩

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়।

রাজবাড়ী: ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। রাজবাড়ী রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকাগামী প্রত্যেকটি ট্রেনের ভেতরে ও দরজায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন তারা।

রোববার (৩১ মে) রাজবাড়ী রেলস্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতী এক্সপ্রেসের যাত্রীরা রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষা করছে। প্লাটফর্মে বসার যায়গা না পেয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে সকাল ১০টা ৫০ মিনিটে প্রবেশ করার কথা থাকলেও ট্রেনটি ১ ঘণ্টা ৭ মিনিট বিলম্বে বেলা ১১টা ৫৭ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। ট্রেনটিতে তখনই ভেতরে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। দরজার সামনে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ট্রেনের ভেতরের যাত্রীরা নামতে পারছিলেন না।

সরেজমিনে আরও দেখা যায়, ট্রেনটি ১২টা ১০ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনের ভেতরসহ দরজায়ও উপচে পড়া ভিড়। দরজাগুলোতে বাদুরঝোলা হয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা।

১ নম্বর প্লাটফর্মে মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করা মিলন সাহা বলেন, আমি ব্রাক এনজিওতে জব করি। আগামীকাল থেকে অফিস শুরু। গত ঈদে দৌলতদিয়াতে বাস দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এছাড়াও ঈদের আগে-পরে সড়ক দুর্ঘটনা বেশি হয়। ট্রেন যাত্রা নিরাপদ। এজন্য ভিড় হলেও একটু নিরাপদে যেতে ট্রেনেই যাচ্ছি।

একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, আমাদের রাজবাড়ীটা রেলের শহর হিসেবে পরিচিত। স্টেশনে বসার কোন জায়গা নেই, থাকতে হচ্ছে দাঁড়িয়ে। এদিকে ট্রেন সময় মত আসছে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এভাবে। অনেক বৃদ্ধ মানুষকে দেখা যাচ্ছে স্টেশনে দাঁড়িয়ে থাকতে। কর্তৃপক্ষ যেন যাত্রীদের বসার ব্যবস্থা রাখে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, ঈদুল আজহার ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফিরছে। ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ঢাকাগামী সব ট্রেনে ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে এবং আমাদের স্টেশনে পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর